গাজীপুরে গ্যারেজ মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ১০ জুলাই ২০১৭

গাজীপুরে এক অটো রিকশা গ্যারেজ মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ওই গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে নিহতের নাম হযরত আলী (৬৫), তিনি সিটি কর্পোরেশনের ইটাহাটা কলাবাগান এলাকার মৃত তাসান উল্লাহর ছেলে।

জয়দেবপুর থানার এসআই আল আমিন জানান, দুইজন কর্মচারি নিয়ে হযরত আলী নিজেই গ্যারেজটি পরিচালনা করতেন। রোববার দিনগত রাত একটার দিকে তিনি গ্যারেজের ছাপড়া ঘরে ঘুমিয়ে পড়েন। কর্মচারী সজিব ও রায়হান পাশের চাকা মেরামতের দোকানে ঘুমাতে যায়।

তিনি আরও জানান, সোমবার সকাল ৮টার দিকে আলম নামে এক চালক গ্যারেজে অটো রিকশা নিতে আসেন। এ সময় তিনি হযরত আলীকে সামনের ধর্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

এসআই আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

নিহতের ভাই ওসমান আলী জানান, হযরত আলীর কোনো শত্রু ছিল না, পারিবারিকভাবেও কারো সঙ্গে কোনো বিবাদ হয়নি। তিনি সহজ সরল জীবনযাপন করতেন।

মো. আমিনুল ইসলাম/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।