শেখ হাসিনার অধীনেই সুষ্ঠুভাবে নির্বাচন করবে ইসি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা ও দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে মুক্তিযোদ্ধারা। কারণ তারা অস্ত্র জমা দিলেও, ট্রেনিং জমা দেয়নি। শেখ হাসিনার অধীনেই সরকার এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে।
মঙ্গলবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গাজীপুরের কালীগঞ্জ বাজার সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে শহীদ ময়েজউদ্দিন মক্তমঞ্চে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশের মুক্তিকামী মানুষ দেশের জন্য প্রাণ দিতে ঝাঁপিয়ে পড়েছিল। ভাগ্যক্রমে বেঁচে ফিরে এসেছে। আওয়ামী লীগ সরকার এদেশের আন্দোলন সংগ্রামের নায়কদের মূল্যায়ন করেছে এবং করছে। তাই মুক্তিযোদ্ধারা অকৃতজ্ঞ না। তারা আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যার জন্য প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে।
বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে পরিমাণ উন্নয়ন করেছে, উন্নয়নের সে প্রতিচ্ছবি যদি বাংলার সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয় তাহলে পুনরায় ক্ষমতা থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবে সরানো সম্ভব হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আখতার উজ্জামান ও আলহাজ কাজী মোজাম্মেল হক।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক কেবিএম মুফিজুর রহমান খান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা গনি ভূইয়া, এবিএম তারিকুল ইসলাম।
আব্দুর রহমান আরমান/এএম/এমএস