প্রাইভেটকারের গতিরোধ করে ৪০ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১১ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকায় ওয়াসিফ নিট কম্পোজিট কারখানার প্রায় ৪০ লাখ টাকা ছিনতাই হয়েছে।

কারখানার দুই কর্মকর্তা নগরীর ইসলামী ব্যাংক বোর্ডবাজার শাখা থেকে টাকাগুলো উত্তোলন করে প্রাইভেটকারযোগে কারখানায় ফিরছিলেন। মঙ্গলবার বিকেলে সিটি কর্পোরেশনের বাসন সড়কের বেলমন্ট শপের সামনে এ ঘটনা ঘটে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন জানান, কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা রাম কৃষ্ণ সাধু ও জুনিয়র সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ বিকেলে শ্রমিক-কর্মচারীদের বেতনের ৩৯ লাখ ৯০ হাজার টাকা ব্যাংক থেকে তোলেন।

টাকাগুলো একটি ব্যাগে ভরে প্রাইভেটকারযোগে তারা কারখানায় ফিরছিলেন। বিকেল ৩টার দিকে বাসন সড়ক এলাকায় পৌঁছালে দুইটি মোটরসাইকেলে ৪ ছিনতাইকারী এসে প্রাইভেটকারের গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে প্রাইভেটকারের পেছনের এবং চালকের আসনের দুই পাশের জানালার গ্লাস ভেঙে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রত পালিয়ে যায়।

ছিনতাইকারীরা খালেদ সাইফুল্লাহর কাছ থেকে তার নিজস্ব মোবাইল ফোন ও একটি এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ভোগড়া পুলিশ ক্যাম্প তিনশ গজ দূরে। ছিনতাইকারীদের হামলায় প্রাইভেটকারচালক সুজন মিয়া আহত হয়েছে।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত এবং ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, গত ৭ মে গাজীপুরের মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মসিংহ মহাড়কে আর. এন কর্পোরেশনের মালিক রবিউল ইসলামকে গুলি করে ৬৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

মো. আমিনুল ইসলাম/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।