৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
গাজীপুরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। বৃহস্পতিবার টঙ্গী স্টেশন রোডের ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।
গ্রেফতাররা হলেন- টাঙ্গাইল সদরের ভিন্নাহালী গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মো. তমিজ উদ্দিন (৪৫) ও রাজশাহী জেলার রাজপাড়া থানার গোবিন্দপুর গ্রামের রব জাহান আলীর ছেলে মো. সুমন আলী (৩২)। অভিযান টের পেয়ে রাজশাহী কাটাখালী এলাকার মো. হায়াত আলী পালিয়ে যান।
র্যাব-১ এর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বৃহস্পতিবার টঙ্গী স্টেশন রোড, আব্দুল্লাহপুর, ভোগড়া বাইপাস মোড় এলাকায় অবস্থান নেয়।
পরে অভিযানিক দলটি ইয়াবা চালানের কাজে ব্যবহৃত লবণবোঝাই ট্রাকটির ভোগড়া বাইপাস সংলগ্ন মোগড়খাল এলাকার হাজি মার্কেট মক্কা-মদিনা নাঈম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে শনাক্ত করে।
পরে ওই ট্রাকের চালক তমিজ ও সুমন আলীর দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে দুই হাজার পিস করে ৪ হাজার পিস এবং ট্রাক চালকের সিটের নিচে কৌশলে লুকানো অবস্থায় আরও ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১৫ হাজার ৩০০ টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয় এবং ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি