সিংহাসন ফিরে পাওয়ার রঙিন খোয়াব দেখছে বিএনপি : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের হারানো সিংহাসন ফিরে পাওয়ার রঙিন খোয়াব দেখছে। তাদের এ রঙিন খোয়াব ফাঁপানো বেলুনের মত শিগগিরই চুপসে যাবে। সব হারিয়ে এখন তারা দিশেহারা। তারা জনগণকে আন্দোলনে না পেয়ে এখন চক্রান্তের পথে চলছে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন টোলপ্লাজায় বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্টের অভিযান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, একটা ভালো নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন উপহার দিতে পারব। বিএনপিকে অহেতুক রঙিন স্বপ্ন না দেখে নির্বাচনের পথে আসার জন্য এবং নির্বাচনে অংশ গ্রহণের আহ্বান করছি।
তিনি বলেন, এ সরকারের উন্নয়ন ও অর্জনে দেশের মানুষ খুশি। আর বিএনপি বুঝতে পেরেছে নির্বাচনে তারা জয়ী হতে পারবে না। এ চিন্তায় তারা কখনো আদালত, কখনো বিদেশিরা তাদের ক্ষমতায় বসাবে- এ স্বপ্ন দেখছে।
সেতুমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে দলীয়ভাবে আমাদের আইনমন্ত্রী বক্তব্য দিয়েছেন। আমি নিজেও ষোড়শ সংশোধনীর বিষয়টি এখনো ৭৯৯ পৃষ্ঠা ভালোভাবে পড়িনি, আমি নিজেও সম্পূর্ণ পড়তে চাই। আমি এটি পড়ে আমাদের দলীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে এ ব্যাপারে আলাপ করবো, তারপর আমি নিজেও এ ব্যাপারে কথা বলবো। বিএনপি রায় বের হওয়ার পর পড়াশোনার ধার ধারে না। তারা অন্ধকারে ঢিল ছুড়েই যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে কোরবানির পশু পরিবহন একটা আলাদা চাপ। এবারের ঈদে কোরবানির পশুর কোনো হাট মহাসড়কের ওপর বা পাশে বসবে না এটাই আমাদের সিদ্ধান্ত। বাংলাদেশের কোনো জেলায়ই মহাসড়কে বা পাশে গরুর হাট বসানো যাবে না। আনফিট গাড়িতে কোরবানির পশু বহন করার ব্যাপারে আমাদের নিষেধাজ্ঞা আছে। কারণ আনফিট গাড়ি পশু পরিবহন করলে এসব পথে বিকল হয়ে যায়। এতে লম্বা যানজটের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, ঈদের আগে ও পরে তিন-চারদিন সিএনজি বন্ধ থাকবে এবং এ ব্যাপারে অনুশাসন থাকবে। তবে পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস ও খাবার সামগ্রী এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি