দিনমজুরের ঘরের দরজায় কাফনের কাপড়, চাঁদা দাবি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কাফনের কাপড় ও একটি চিরকুট দিয়ে হত্যার হুমকি দিয়ে এক দিনমজুরের কাছে ৩০ হাজার টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
কে বা কারা আবুল হোসেনের বাড়ির দরজার মধ্যে কাফনের কাপড় ও একটি চিরকুট বেঁধে রেখে যায়। এতে করে নিরীহ আবুল হোসেনের পরিবার আতঙ্কে জীবন যাপন করছেন।
বৃহস্পতিবার দিনে ফতুল্লার দক্ষিণ ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটলে রাতে এ তথ্য পাওয়া যায়। এ ঘটনায় আবুল হোসেনের কন্যা আনোয়ারা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
আনোয়ারা জানান, তারা এলাকার নিরীহ পরিবার। তার বাবা একজন দিনমজুর। তার এক বোন দেশের বাইরে চাকরি করে। তার অর্থ দিয়ে তাদের সংসার কোনো রকম চলে।
সাধারণ মানুষের মতো এলাকার মানুষের সঙ্গে মিলে মিশে বসবাস করে আসছেন তারা। কিন্তু গত ২৭ জুলাই তাদের ঘরের দরজায় রাতের আঁধারে একটি সাদা কাপড় ও একটি চিরকুট রেখে যায়।
চিরকুটে লেখা রয়েছে, ‘আগামী এক সপ্তাহের মধ্যে ৩০ হাজার টাকা বাড়ির ছাদে সাদা কাপড়ে বেঁধে রাখতে হবে। নয়তো তোদের বড় ধরনের ক্ষতি হবে।’
ঠিক একই ধরনের সাদা কাপড় ও একটি চিরকুট দিয়ে বৃহস্পতিবার আবারও হুমকি দেয়া হয়। পরে স্থানীয় লোকজনের আলোচনা করে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম