হাসপাতালে মরদেহ ফেলে পালিয়েছে দুই যুবক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সাখাওয়াত হোসেন শুভ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সাড়ে রাত ৮টার দিকে শুভর মরদেহ নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে ফেলে রেখে পালিয়ে যায় দুই যুবক। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ রাত ১০টার দিকে শুভ’র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত সাখাওয়াত হোসেন শুভ (৩০) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার পলাশপুর গ্রামের শাহাদাৎ শিকদারের ছেলে। তিনি ফতুল্লার মাসদাইর লিচুবাগ এলাকার মাইকেলের বাড়িতে ভাড়া থাকতেন ও ফতুল্লার কাশিপুরের প্লামি ফ্যাশনের মার্চেন্ডাইজার পদে চাকরি করতেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল জানান, মঙ্গলবার সাড়ে রাত ৮টার দিকে হাসান মাহমুদ মিলন ও তার এক সহযোগী শুভর মরদেহ নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল মান্নান তাকে মৃত ঘোষণা করে। পরে ওই দুই যুবক মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জরুরি বিভাগে কর্মরতরা হাসান মাহমুদ মিলনের নাম ঠিকানা লিপিবদ্ধ করে।
ফতুল্লার তল্লা এলাকার বাসিন্দা মিলন হাসপাতালের জরুরি বিভাগের কর্মরতদের জানিয়েছে, শুভ মাসদাইর তালা ফ্যাক্টরির মোড়ে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে জখম হলে তারা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু শুভর মুখমন্ডলের থুতনীর নিচে ও মাথায় ধারালো অস্ত্রের জখম এবং গলায় শ্বাসরোধের চিহ্ন আছে।
নির্মাণাধীন ভবনের উপর থেকে পড়ে যাওয়ার কোনো চিহ্ন তার শরীরে ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুভকে হত্যা করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
শাহাদাত হোসেন/এফএ/এমএস