বরিশালে স্ত্রী`র বিরহে স্বামীর আত্মহত্যা
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চর রমজানপুর গ্রামে স্ত্রী`র বিরহ সইতে না পেরে স্বামী বাবু মৃধা (২৭) বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। বাবু মৃধা চর রমজানপুর গ্রামের বাসিন্দা খলিল মৃধার ছেলে।
স্থানীয়রা জানায়, বাবু মৃধার স্ত্রী এক সন্তানের জননী কাজল বেগম (২০) তিন মাস আগে পরকীয়া প্রেমের টানে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন বাবু মৃধা। শনিবার সকালে পরিবারের সবার অজান্তে তিনি বিষপান করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে গৌরনদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সাইফ আমীন/এআরএ/আরআইপি