হাসপাতালে নেওয়ার পথে যানজট, ভ্যানেই প্রাণ গেলো শ্বাসকষ্টের রোগীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৫ মে ২০২৬

শেরপুরের নালিতাবাড়ীতে তীব্র যানজটে আটকে হাসপাতালে পৌঁছাতে না পেরে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পৌর শহরের ভোগাই ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমিনুল ইসলাম (৪৮)। তিনি উপজেলার গুজাকুড়া গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল দুপুরে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ভ্যানগাড়িতে করে উপজেলা হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে শহরের আড়াইআনী বাজার থেকে তারাগঞ্জ উত্তর বাজার পর্যন্ত সড়কে তীব্র যানজটে ভ্যানটি প্রায় এক ঘণ্টা আটকে থাকে। এক পর্যায়ে হাসপাতালেই পৌঁছাতে না পেরে ভ্যানের ওপরই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ফুফাতো ভাই রাসেল বলেন, হাসপাতাল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে প্রায় এক ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। পায়ে হেঁটে নেওয়ারও সুযোগ ছিল না। এতে ভ্যানেই আমিনুলের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, আড়াইআনী বাজার থেকে উত্তর বাজার পর্যন্ত রাস্তার ওপর ধানের আড়ত বসানোর কারণে এই সড়কে সব সময় যানজট লেগে থাকে। হাসপাতাল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে এক ঘণ্টা আটকে থাকতে হওয়ায় আমিনুলকে বাঁচানো সম্ভব হয়নি। এ নিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, যানজট নিরসনে পুলিশ চেষ্টা করছে। তবে বাজার এলাকায় ধানের হাট এবং মালবাহী ট্রাক যত্রতত্র পার্কিং করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।