কক্সবাজারে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৭

কক্সবাজার শহরের ফুয়াদ আল্-খতিব হাসপাতালে ভুল চিকিৎসায় সামির প্রকাশ বাবু নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কর্তব্যরত সেবিকা, ডাক্তার, ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতাল থেকে সটকে পড়েন।

নিহত শিশুটি উখিয়া কোটবাজার চৌধুরী পাড়ার ফেরদৌস আলম চৌধুরীর ছেলে।

ফেরদৌস আলম চৌধুরী সাংবাদিকদের অভিযোগ করে বলেন, বমিজনিত কারণে গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার ফুয়াদ আল্-খতিব হাসপাতালে আনা হয় সামিরকে। ঠাণ্ডা লেগেছে বলে শিশু বিষেশজ্ঞ ডা. নুরুল কবির খান হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। ভর্তির পরপরই একটি ইনজেকশন দেন কর্তব্যরত সেবিকা। এতে প্রথমে সামিরকে সাময়িক ভালো মনে হচ্ছিল। এরপর সন্ধ্যায় পুনরায় আরেকটি এনজেকশন পুশ করলে সামিরের খিচুনি ওঠে। এর ৫ মিনিটের মধ্যে তার মৃত্যু ঘটে। পরে তারা নার্সকে জিজ্ঞেস করলে তিনি কোনো সঠিক উত্তর না দিয়ে উল্টো আরও বকুনি দিয়ে চলে যান।

হাসপাতালে ভর্তি থাকা অন্য রোগীরা জানান, তারাও দেখেছেন নার্সরা একটি ইনজেকশন পুশ করার পর পরই শিশুটির মৃত্যু ঘটে। পরে ভুল চিকিৎসায় সামিরের মৃত্যু হয়েছে টের পাওয়ায় হাসপাতালের নার্স, ডাক্তার ও অন্যন্য প্রশাসনিক কর্মকর্তরা পালিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা দাবি করেন, শিশুটিকে তারা সঠিক চিকৎসা দিয়েছেন।

কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। কিন্তু অনেক খুঁজেও কর্তৃপক্ষের কাউকে না পেয়ে পুলিশ চলে আসে। শিশুর অভিভাবকরা মামলা করলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।