যশোর শ্রমিক লীগের নেতৃত্বে আজিজ ও নাসির
যশোর জেলা শ্রমিক লীগের সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হলেও তাকে হত্যা করার কারণে আমাদের অর্থনৈতিক মুক্তি দিতে পারেননি। তবে তার কন্যা প্রধানমন্ত্রী জনগণের অর্থনৈতিক মুক্তি দিতে নেতৃত্ব দিচ্ছেন। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার দুপুরে শহরের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের সভাপতি কাজী আব্দুস সবুর হেলাল। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দীন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন থেকে আবদুল আজিজ সভাপতি ও নাসির উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু কমিটি ঘোষণা করেন।
এর আগে বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু ও সহসভাপতি এসএম কামরুজ্জামান চুন্নু।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তোয়ায়েল আহমেদ ও কার্যকরী সদস্য বিএম জাফর।
জাতীয় শ্রমিক লীগ সূত্র মতে, যশোর জেলা শাখার সর্বশেষ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ৯ জানুয়ারি। এই সম্মেলনে কাজী আব্দুস সবুর হেলালকে সভাপতি ও আব্দুল হাইকে সাধারণ সম্পাদক হন।
এরপর চলতি বছর ২১ মে ও ১৫ জুলাই আরো দুই দফা সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সম্মেলন হয়নি। সর্বশেষ এক যুগ পর ২৩ সেপ্টেম্বর সম্মেলন অনুষ্ঠিত হলো।
মিলন রহমান/এএম/আরআইপি