কুমিল্লায় ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা আটক
প্রতীকী ছবি
কুমিল্লায় ঘুষের চার হাজার টাকাসহ মো. আবুল হোসেন নামে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে আটক করা হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা সমন্বিত কার্যালয়ের একটি দল জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন কার্যালয়ে ঘুষ গ্রহণকালে হাতেনাতে ওই কর্মকর্তাকে আটক করে।
আটক আবুল হোসেন জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের করতলা গ্রামের মৃত কাজী আলী আশরাফের ছেলে।
দুদক কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, বাঙ্গড্ডা ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল হোসেনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে স্থানীয়রা ঘুষ গ্রহণের অভিযোগ করে আসছিল। বুধবার দুপুরে দুদকের একটি টিম ওই ইউনিয়ন কার্যালয়ে যায় এবং চার হাজার টাকা ঘুষ গ্রহণের সময় তাকে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে নাঙ্গলকোট থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
কামাল উদ্দিন/আরএআর/জেআইএম