মাদ্রিদ না বুয়েন্স আয়ার্স, ফাইনালিসিমা কোথায় অনুষ্ঠিত হবে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৪ মার্চ ২০২৬

 

ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার কারণে সৃষ্ঠ যুদ্ধ পরিস্থিতির কারণে দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালিসিমা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটা স্পষ্ট যে নির্দিষ্ট সময়ে দোহায় আর ফাইনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। নতুন কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হতে হবে। ম্যাচটির আয়োজক উয়েফা আপাতত সিদ্ধান্ত নিয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।

কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ফাইনালিসিমা ম্যাচ স্পেনে নয়, বরং আর্জেন্টিনার বিখ্যাত মনুমেন্টাল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি স্পষ্টভাবে বলেন, ‘স্পেন চায় ফাইনালিসিমা স্পেনে হোক, আর আমি চাই এটি মনুমেন্টালে (বুয়েন্স আইরেসে) অনুষ্ঠিত হোক।’

সম্প্রতি স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালিসিমা ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামকে সামনে আনা হয়। যা রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু। তবে তাপিয়া সেই প্রস্তাবে আপত্তি জানিয়েছেন এবং ম্যাচটি আর্জেন্টিনার মাঠে আয়োজনের পক্ষে মত দিয়েছেন।

এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। মূলত ২৭ মার্চ কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সেখানে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা আক্রমণের পর কাতারসহ আশপাশের অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এর ফলে ফাইনালিসিমা ম্যাচটি নির্ধারিত ভেন্যুতে হবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

এরই মধ্যে কোতার ফুটবল অ্যাসোসিয়েশন, পরিস্থিতির কারণে তাদের দেশের সব প্রতিযোগিতা ও টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যদিও স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে সরাসরি কিছু বলা হয়নি।

অন্যদিকে স্পেনের ফুটবল সংস্থার সভাপতি রাফায়েল লুজান জানিয়েছেন, ফাইনালিসিমা কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। সময় খুব কম। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই দুটি ম্যাচ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি তাদের সমর্থন রয়েছে। কাতার ও সৌদি আরবের মতো দেশগুলোর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং শুরু থেকেই পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ফলে এখন প্রশ্ন একটাই- ফাইনালিসিমা কি স্পেনের মাঠে হবে, নাকি আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে? চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।