আগামী দুই সপ্তাহের মধ্যে ডিএনডি প্রকল্পের কাজ শুরু হবে
আগামী দুই সপ্তাহের মধ্যে ডিএনডি প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ডিএনডিবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ খুব শিগগিরই লাঘব হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে সকলেই সুফল ভোগ করতে পারবে। ডিএনডির জন্য ৬৫৮ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর সময় লাগবে ২০২০ সাল পর্যন্ত। কিন্ত আমরা অনুরোধ করবো যেন ২০১৯ সালের মধ্যেই সেনাবাহিনী এ কাজ সম্পন্ন করে। এ ব্যাপারে সিটি করপোরেশনের সঙ্গেও কথা বলা হয়েছে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে ডিএনডি প্রকল্প নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ডিএনডিতে বর্ষা আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এখানকার মানুষের কষ্ট হয়। কারণ পানি নিষ্কাশন করার জন্য এখানে যেসব পাম্প আছে তা অনেক পুরনো হয়ে অনেকগুলোই কাজ করে না। আর ডিএনডির এ প্রকল্পের জন্য যত টাকা লাগবে তত টাকার ব্যবস্থা করা হবে। টাকার কোনো সমস্যা এখানে নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চান এ প্রকল্পটি দ্রুত হোক এবং ডিএনডিবাসী জলাবদ্ধতা থেকে দ্রুত মুক্তি পাক।
মন্ত্রী বলেন, এখানে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোর কার্যক্রমও ব্যাহত হয়। আমাদের কাজ করতে যে সময় ব্যয় হবে সে সময়ে যেন এখানকার মানুষের কষ্ট কম হয় সেজন্য কিছু নতুন পাম্পের ব্যবস্থা করা হবে। যেন বর্তমান অবস্থা থেকে কিছুটা ভালো অবস্থা থাকে।
সকলের সহযোগিতা কামনা করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন,কিছু লোকের জন্য আমরা এখানে এত মানুষের কষ্ট লাঘবের এ প্রকল্প বন্ধ করব না। মাত্র ২ হাজার মানুষ হয়তো এ প্রকল্পের বিরোধিতা করছে কিন্ত এদের জন্য এত মানুষের কষ্ট হতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, সেনাবাহিনীকে প্রকল্পটি দেয়া হয়েছে যেন এখানে কাজটি সুন্দরভাবে হয়, কোনো ধরনের গাফিলতি যেন না হয় সেজন্য।
প্রেস ব্রিফিংয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ডিএনডি প্রকল্প অনুমোদন ও কাজ শুরুর কারণে প্রধানমন্ত্রীর কাছে আমি ও আমার নারায়ণগঞ্জবাসী কৃতজ্ঞ।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হুসনে আরা বাবলী, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সানজিদা খানম, সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা প্রশাসক মো. রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসাইন/আরএআর/আইআই