স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:৩২ এএম, ১৭ অক্টোবর ২০১৭

যৌতুক দাবিতে স্ত্রী নাজমা বেগমকে হত্যার দায়ে যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের স্বামী রফিকুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ মামলার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। রফিকুল জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের শহীদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ইদ্রিস আলী বলেন, দণ্ডিত রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, রফিকুল ইসলাম অভয়নগর উপজেলার দক্ষিণ নওয়াপাড়ার মতিয়ার রহমানের মেয়ে নাজমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা এনে না দেয়ায় ২০০৭ সালের ২০ মে নাজমাকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করেন।

এরপর তার মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালানোর চেষ্টা করেন। পরদিন নাজমার বাবা হত্যার অভিযোগ এনে রফিকুলের নামে মামলা করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিচারক আসামি রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে খুনিকে এক লাখ টাকা জরিমানাও করেন।

মিলন রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।