ফরিদপুর

বিকেলে ছাত্রলীগের কমিটি ঘোষণা, রাতে স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:১২ এএম, ০৩ এপ্রিল ২০২৬

ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর রাতে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। রাতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি স্থগিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিন মোল্যা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুরাদ বিশ্বাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মনিরুজ্জামান মন্নু খাঁনকে সভাপতি, খাঁন আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও মো. সাকিব শেখকে সাংগঠনিক সম্পাদক করে কামালদিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

সেখানে উল্লেখ করা হয়, মধুখালী উপজেলা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে কামালদিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কামালদিয়া ইউনিয়ন শাখা এর আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো।

একই দিন রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ স্বাক্ষরিত আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই কমিটি স্থগিত করা হয়।

সেখানে উল্লেখ করা হয়, ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার অন্তগত ইউনিট মধুখালী উপজেলা ছাত্রলীগের আওতাধীন কামালদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ২ এপ্রিল তারিখের নবগঠিত কমিটি স্থগিত করা হইল।

এ বিষয়ে জানতে চাইলে মধুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনজামামুল আলম অনিক জাগো নিউজকে বলেন, এখন পর্যন্ত মধুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্বে রয়েছি। কিন্তু একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দেখলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে একজন স্বাক্ষর করে একটি ইউনিয়ন কমিটি গঠন করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। এটা সংগঠন পরিপন্থি। তাছাড়া হঠাৎ কমিটি গঠন আবার স্থগিতের বিষয়টি আমার ভালো জানা নেই।

বিকেলে কমিটি গঠন রাতে স্থগিত বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের মোবাইল যোগাযোগ করেও মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তার হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়ে কোন সাড়া পাওয়া যায়নি।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।