কুমিল্লায় রেললাইনে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৭ অক্টোবর ২০১৭

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মাইক্রেবাসে থাকা মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার জেলার বিজয়পুর শ্রীনিবাস এলাকায় একটি অরক্ষিত রেল গেটে মাইক্রোবাস বিকল হয়ে পড়লে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে একজন এবং পরে হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সোয়া এক ঘণ্টা বন্ধ ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর পৌনে ১২টার দিকে বিজয়পুর শ্রীনিবাস রেল গেটে আসার আগেই সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লি.-এর একটি মাইক্রোবাস রেল গেট অতিক্রমকালে রেললাইনের ওপর হঠাৎ বিকল হয়ে যায়।

এ সময় দ্রুতগামী ট্রেনটি মাইক্রোবাসটিকে দুমড়ে-মুচড়ে প্রায় এক কিলোমিটার দূরে শিকারপুর এলাকায় নিয়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় থানা ও জিআরপি পুলিশ স্থানীয়দের সহায়তায় রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি সরিয়ে নিলে ট্রেনটি দুপুর ১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ওই দুর্ঘটনায় ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা ওই সিকিউরিটি কোম্পানির কর্মী আবু তাহের নিহত হন। তিনি জেলার আদর্শ সদর উপজেলার ঝাড়মন্ডল গ্রামের মনসুর আলীর ছেলে। হাসপাতালে নেয়ার পর মারা যায় ওই সিকিউরিটি সার্ভিসের কুমিল্লা এরিয়া ম্যানেজার চাঁদপুরের বাসিন্দা আবদুর রশিদ এবং অজ্ঞাত এক যুবক (২৮)।

লাকসাম জিআরপি থানা পুলিশের ওসি স্বপন কান্তি বড়ুয়া জানান, রেল গেটটি অরক্ষিত ছিল। তাই মাইক্রোবাস চালকের অসর্তকতার কারণেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস থেকে সিকিউরিটি কোম্পানির একটি বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় মামলা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।