সাবেক এমপি ওহাবের দুর্নীতি মামলার রায় ৩০ অক্টোবর
ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল ওহাবের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলার রায় আগামী ৩০ অক্টোবর ঘোষণা করা হবে। বুধবার রায় ঘোষণার নির্ধারিত দিন থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। যশোর স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা রায় ঘোষণার দিন পরিবর্তন করে আগামী ৩০ অক্টোবর দিন ধার্য করেন।
প্রায় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে সাবেক সংসদ সদস্য আবদুল ওহাবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করে। যশোর স্পেশাল জজ আদালতে মামলাটি বিচারাধীন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম জানান, আসামিপক্ষ হাইকোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেন। এরপর আদালত গত ২১ আগস্ট মামলার বিচার কাজ চালিয়ে যাওয়ার আদেশ দেয়। আপিল বিভাগের আদেশ অনুযায়ী গত ৩ থেকে ১০ অক্টোবর পর্যন্ত আদালতে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। ৩০ জন সাক্ষীর মধ্যে ২৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
মামরার নথিসূত্র মতে, ঝিনাইদহ শহরের আদর্শ পাড়ার কবি সুকান্ত সড়কের মরহুম জরিপ বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বিএনপি নেতা আবদুল ওহাবের বিরুদ্ধে ২০০৮ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ সদর থানায় দুর্নীতির মামলা হয়। মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী।
দুর্নীতি দমন কমিশন যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বলেন, দুদকের আইনে তথ্য গোপনের অপরাধে তিন বছর সশ্রম কারাদণ্ড ও জরিমানা এবং অবৈধ সম্পদ অর্জনের অপরাধে সর্বোচ্চ ১০ বছর সাজা ও জরিমানার বিধান রয়েছে। একই সঙ্গে অবৈধ সম্পদ ক্রোকের বিধান রয়েছে। সেই হিসেবে দুদক আদালতে আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
উল্লেখ্য, মো. আবদুল ওহাব ঝিনাইদহ-১ আসনের দুই মেয়াদের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিলন রহমান/এমএএস/এমএস