যুবকের স্যান্ডেলের তলায় ১২ স্বর্ণের বার
যশোরে অর্ধকোটি টাকা মূল্যের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে ডিবি পুলিশ। রোববার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা মনোহরপুর ঈদগাহ রোড থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
এ সময় স্বর্ণের বার বহনকারী সাইফুল ইসলাম নামে এক যুবককে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। আটক সাইফুল শার্শার লক্ষণপুর গ্রামের রাশেদ খানের ছেলে।
যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, রোববার বিকেলে এএসআই মুসফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ যশোর কায়েমকোলা রোডের মনোহরপুর বাজারের অদূরে ঈদগাহের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।
এ সময় একটি মোটরসাইকেলে (যশোর-হ-১৪৯২৬০) করে এক ব্যক্তি চেকপোস্টের কাছে পৌঁছালে তাকে থামানো হয়। ওই ব্যক্তি ভীত হয়ে পড়লে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে তার পায়ের স্যান্ডেলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো আছে স্বর্ণের বার।
খবর পেয়ে যশোরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। পরে ওই স্যান্ডেলের তলা খুলে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ২০০ গ্রাম। এর মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ডিবি পুলিশের ওসি।
মিলন রহমান/এএম/আরআইপি