কুমিল্লায় মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লার দেবিদ্বারে খোরশেদ আলম (৩৩) নামের এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম উপজেলা সদরের আবদুল বারেকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেলে উপজেলা সদরের পুরান বাজার এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় খোরশেদ আলমকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করে পুলিশ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী মাদক সেবনের দায়ে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। বিকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কামাল উদ্দিন/এআরএ/আরআই