কুমিল্লায় পুলিশি হেফাজতে ২ আসামির পলায়ন


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৬ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কারা ওয়ার্ডের পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন দুই জন আসামি। রোববার রাতে এ ঘটনা ঘটলেও সোমবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতার করতে পারেনি।

পালিয়ে যাওয়া আসামীরা হলেন, কুমিল্লা সদর উপজেলার আড়াইওড়া এলাকার তাজুল ইসলামের ছেলে তারেক (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ইয়াসিন (২০)।

কুমেক হাসপাতাল সূত্র জানায়, ৫ দিন আগে আহতাবস্থায় তারেককে এবং রোববার বিকেলে আসামি ইয়াসিনকে কুমেকের কারাওয়ার্ডে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেদিন রাতেই ইফতারের পর কোনো এক সময় পুলিশি হেফাজত থেকে তারেক ও ইয়াসিন পালিয়ে যান।

সোমবার দুপুরে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সামসুজ্জামান জাগো নিউজকে জানান, কর্তব্যরত পুলিশের দায়িত্বে অবহেলার কারণে দুই আসামি পালিয়েছেন। আসামিদের বিরুদ্ধে থানায় নতুন করে মামলা দায়ের হয়েছে। ওই ২ আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

মো.কামাল উদ্দিন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।