এসআইয়ের বাড়িতে গৃহকর্মীর আত্মহত্যা


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১০ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমানের যশোরের বাড়িতে রুপালি খাতুন (১৪) নামে এক গৃহকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ঘোপ নওয়াপাড়া রোড় এলাকার তার নিজ বাড়ি থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়।

রুপলি খাতুন ঝিনাইদহের কোঁটচাদপুর কলেজস্ট্যান্ড পাড়ার মোহম্মাদ ইব্রাহিম হোসেনের মেয়ে। কর্মের সুবাদে রুপালি যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড় এলাকায় আশিকুর রহমানের বাড়িতে থাকতো। তার সঙ্গে রেহেনা নামের আরও এক নারী ওই বাড়িতে কাজ করেন।

জানা যায়, রুপালি শুক্রবার সকালে এসআই আশিকুর রহমান রাজনের নতুন বাড়ির সিঁড়ির আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি আশিকুরের বাবা মোস্তাফিজুর রহমান বুঝতে পারলে সকাল ১০টার দিকে কোতোয়ালি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রুপালির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনে। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠান।

রুপালির বাবা ইব্রাহিম জানান, অভাবের সংসারে মেয়েকে লালন পালন করতে পারছিলেন না তিনি। এসআই আশিকুর রহমান যখন কোঁটচাদপুর থানায় দায়িত্বে ছিলেন তখন থেকে রুপালিকে তারা বাসায় রাখা হয়। শুক্রবার সকালে মেয়ের আত্মহত্যার খবর শুনে তিনি ছুটে আসেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল গণি জানান, বর্তমানে চুয়াডাঙ্গা থানায় কর্মরত এসআই আশিকুর রহমান রাজনের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মী রুপালির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তর জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

রুপালির পরিবার থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারা অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মিলন রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।