সোনারগাঁয়ে মাটি খুঁড়ে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতের ঘরের মাটি খুঁড়ে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাকাতের মা মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়।
রোববার বিকেলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের গঙ্গাপুর নইন্না এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার ও ডাকাতের মাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মমতাজ বেগম গঙ্গাপুর নইন্নাভিটা গ্রামের জজ মিয়ার স্ত্রী ও ডাকাত সদস্য মোখলেছুর রহমানের মা। এ ঘটনায় সন্ধ্যায় সোনারাগাঁ থানার এসআই আব্দুল হক শিকদার বাদী হয়ে একটি মামলা করেছেন।
সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার জানান, সোনারগাঁয়ের গঙ্গাপুর নইন্না ভিটা গ্রামের জজ মিয়ার ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোখলেছুর রহমানকে সম্প্রতি গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।
পরে পুলিশ ডাকাতির তথ্য উদঘাটনের জন্য তার মা মমতাজ বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাত মোখলেছুর রহমানের মা তার ঘরে একটি বিদেশি পিস্তল রয়েছে বলে জানান।
পরে রোববার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল এক রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
শাহাদাত হোসেন/এএম/আরআইপি