কক্সবাজারে ৩০ লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৫ জানুয়ারি ২০১৮

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন- টেকনাফের মধ্য হ্নীলারি মিনাবাজার ঝিমংখালি এলাকার মৃত বজল করিমের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও মৃত শামশুল আলমের ছেলে নুরুল কাদের (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজারের সহকারী পরিচালক (এডি) সোমেন চন্দ্র জানান, টেকনাফ থেকে মোটরসাইকেলে ইয়াবার একটি চালান শহরে ঢুকছে এমন খবর পেয়ে কক্সবাজার সার্কেলের উপ-পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে একটি টিম অভিযানে যায়। কক্সবাজার পৌরসভার মধ্যম টেকপাড়া খোরশেদ আলমের বাড়ির সামনে দাঁড়ানো একটি মোটরসাইকেল দেখতে পেয়ে তা চ্যালেঞ্জ করা হয়।

পরে মোটরসাইকেলের আরোহী দুই যুবককে আটক করে দেহ তল্লাশি করে একেক জনের দেহ থেকে ২৫ প্যাকেট করে ৫০ প্যাকেট ইয়াবা পাওয়া যায়। প্রতি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক আবুল কাশেম বাদী হয়ে মামলা ও জব্দ মালামালসহ গ্রেফতারদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করেছেন।

সায়ীদ আলমগীর/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।