মিছিলের ছবি তুলতে গিয়ে দুই সাংবাদিক রক্তাক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৮

যশোরের বেনাপোলে মিছিলের ছবি তুলতে গিয়ে বন্দর শ্রমিকদের হামলায় ইনডিপেনডেন্ট টিভির দুই সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন। এ সময় তাদের ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর করে শ্রমিকরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল বাজারের সোনালী ব্যাংকের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ইনডিপেন্ডেন্ট টিভির যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাম্যান শরীফ।

স্থানীয়রা জানায়, বেনাপোল বন্দরে ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন দুটি হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ন রয়েছে। এর একটি ৯২৫ ইউনিয়ন নিয়ন্ত্রণ করছে পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সমর্থক আওয়ামী লীগ নেতা কমিশনার রাশেদ আলী এবং অপরটির ৮৯১ ইউনিয়নের নেতৃত্বে রয়েছে স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিনের সমর্থক উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ।

বন্দরে প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছু দিন ধরে উত্তজনা বিরাজ করছিল। এ নিয়ে কিছু ঘটনাও ঘটে। এতে একে-অপরকে দোষারোপ করে পাল্টা-পাল্টি মিছিল ও পথসভা করে।

বুধবার সকালে শ্রমিকদের একটি গ্রুপ হঠাৎ বন্দর থেকে মিছিল বের করে বেনাপোল বাজারে আসে। এ সময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়।

মিছিল বের করে পাল্টা গ্রুপের শ্রমিকরাও। এ সময় আতঙ্কে বাজারের সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সাংবাদিকরা ছবি তুলতে এগিয়ে আসলে মিছিলে থাকা কয়েকজন শ্রমিক তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় ও ক্যামেরা ভাঙচুর করে।

এ সময় সাংবাদিক জিয়া ও শরীফ মারাত্মক জখম হয়। পরে মিছিল চলে গেলে স্থানীয়রা ওই দুই সংবাদকর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ হাবিবুর রহমান আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জামাল হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।