বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতির উদ্দেশে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দিতে চান। এজন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে দলটি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দলের পক্ষে একটি আবেদন ইসিতে জমা দেওয়া হয়েছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বাক্ষরিত ঐ আবেদনের একটি কপি জাগো নিউজের হাতে এসেছে।

প্রধান নির্বাচন কমিশনার বরাবর ঐ আবেদনে লেখা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করতে আগ্রহী। ওই ভাষণের মাধ্যমে তিনি নতুন রাজনৈতিক স্বপ্ন, নতুন রাজনীতির রূপরেখা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির ইশতেহার জাতির সামনে উপস্থাপন করতে চান।

আবেদনে বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের সামনে একটি সুস্পষ্ট, দায়িত্বশীল ও ভবিষ্যতমুখী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে নাহিদ ইসলাম তার ভাষণের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দর্শন, লক্ষ্য ও কর্মপরিকল্পনা সরাসরি জনগণের কাছে পৌঁছে দিতে চান।

এতে আরও বলা হয়,রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন দেশব্যাপী সর্বস্তরের মানুষের কাছে একযোগে বার্তা পৌঁছানোর সবচেয়ে কার্যকর ও গ্রহণযোগ্য মাধ্যম। এই কারণে বিটিভির মাধ্যমে প্রদত্ত বক্তব্য একইসঙ্গে সারাদেশে প্রচার করা সহজ ও ফলপ্রসূ হবে বলে আমরা মনে করি।

এনসিপি তাদের আবেদনে আরও বলে, এ প্রেক্ষাপটে জাতির উদ্দেশে এই ভাষণের জন্য বিটিভিতে একটি নির্দিষ্ট বক্তব্যের স্লট বরাদ্দ করা অত্যন্ত প্রয়োজনীয়। অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা বিষয়টি সদয় বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এনএস/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।