বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে কারপাস জটিলতার কারণে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

ফলে দু'দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের শতভাগ রফতানিমুখি গার্মেন্টস শিল্পের কাঁচামালসহ পচনশীল পণ্য রয়েছে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড-আনলোডসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম সচলসহ দু'দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জাগো নিউজকে জানান, বাংলাদেশে দ্রুত পণ্য রফতানি করার জন্য পূর্বে সিএন্ডএফ এজেন্টের কর্মচারীরা কাস্টমস অফিসারে মাধ্যমে মেনিফেষ্ট তৈরি করার পর কারপাস (গেট পাস) ইস্যু করে পণ্য রফতানি করতো। হঠাৎ ৩ দিন ধরে কাস্টমস কর্তৃপক্ষ এক নির্দেশনা জারি করেন যে, তারা নিজেরাই কারপাস ইস্যু করে রফতানি পণ্য বাংলাদেশে প্রবেশ করাবেন। এ ধরনের নির্দেশনায় পণ্য রফতানিতে জটিলতার সৃষ্টি হয়েছে। রফতানি পণ্যের কোনো কাগজপত্র না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কাস্টমস কর্তৃপক্ষ কোনো কারপাস ইস্যু করতে পারেনি। যার কারণে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ভারতে কারপাস জটিলতার কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রফতানি হয়নি।

জামাল হোসেন/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।