জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ৩১ মার্চ ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘বন্ধন ট্রেডার্স’-এর মালিক নুরুল আমিন গাজী দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালান। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, কোনোভাবেই জ্বালানি তেলের অবৈধ মজুত বা অতিরিক্ত দামে বিক্রি সহ্য করা হবে না। যেখানে অভিযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।