মধুসূদন পদক পেলেন সাবিনা ও শিমুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২৭ জানুয়ারি ২০১৮

যশোর জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুক্রবার শেষ হয়েছে। এবার মহাকবি মাইকেল মধুসূদন পদক-২০১৮ পেয়েছেন বিএসসি (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সাহিত্য প্রতিভার অধিকারী কবি সাবিনা ইয়াসমিন এবং সীতাকুন্ডু লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ গবেষক ও লেখক শিমুল বড়ুয়া।

শুক্রবার রাতে তাদেরকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।

যশোরে জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে মধুমঞ্চে এদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং মাইকেল মধুসূদনদত্তডটকম নামক ওয়েবসাইড উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায়।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক কবি আনজীর লিটন ও নজরুল ইনস্টিটিউটের উপ-পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু। আলোচনা সভা শেষে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া কবি সাবিনা ইয়াসমিন এবং গবেষক ও লেখক শিমুল বড়ুয়ার হাতে মহাকবি মাইকেল মধুসূদন পদক-২০১৮ তুলে দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান এবং যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব পারভেজ। আলোচনা সভার আগে ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিএসসি (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন ১৯৭২ সালের ১ সেপ্টেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেকপুরাইকাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ মাহাতাব উদ্দীন মনি ও মায়ের নাম সালমা বেগম। তিনি প্রশাসন ক্যাডারের চাকরির পাশাপাশি সাহিত্য চর্চা করেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘লোভ দেখালেও জুঁই-চন্দন’, ‘বলিতে ব্যাকুল’, ‘পূর্নিমার পরদিন’ উল্লেখযোগ্য।

অপরদিকে গবেষক ও লেখক শিমুল বড়ুয়া ১৯৬৬ সালের ১৮ জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজানের উত্তর গুজরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ভূপতি রঞ্জন বড়ুয়া ও মা নীহারকণা বড়ুয়া। তিনি সীতাকুন্ডু লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে কর্মরত রয়েছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে অমোনা, রজতজয়ন্তী স্মারক গ্রন্থ, কবিয়াল ফনী বড়ুয়া স্মারকগ্রন্থ উল্লেখযোগ্য।

মিলন রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।