এবারও যৌথভাবে ২১ উদযাপন করবে দুই বাংলা
এবারও বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যৌথভাবে উদযাপন করবে এপার বাংলা-ওপার বাংলা। সেই লক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দুই বাংলার দুই পৌরসভা। ইতোমধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে দুই বাংলার ২১ উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে।
এ উপলক্ষে শনিবার দুপুরে বেনাপোল আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে শার্শা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার মানুষ বেনাপোল নোম্যান্সল্যান্ডে স্বেচ্ছায় রক্ত দান করবে। এপারের রক্ত ওপারে যাবে আর ওপারের রক্ত এপারে আসবে। এবারের ২১ উদযাপন হবে অত্যন্ত জাঁকজমকভাবে দুই বাংলায়। দুই বাংলার ২ কিলোমিটার সাজবে বর্ণাঢ্য সাজে। উভয় দেশের বাঙালিরা শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পণ শেষে একই মঞ্চে আলোচনা সভায় অংশ নেবে।
দুই বাংলার জাতীয় পর্যায়ের নেতাসহ ভাষা সৈনিক ও নামি-দামি শিল্পীরা উপস্থিত থাকবে ২১ এর মঞ্চে। ওইদিন দুই বাংলার ২১ উদযাপনকারী দশ হাজার হাজার মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে। যার সিংহ ভাগ অর্থাৎ এপার বাংলার মানুষ পাবে সাত হাজার প্যাকেট।
জামাল হোসেন/এমএএস/জেআইএম