জেলা পরিষদের স্টাফ কোয়ার্টারে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

কক্সবাজারে শহরের কোর্ট বিল্ডিং সংলগ্ন জেলা পরিষদের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের সাতটি বাড়ি আসবাবসহ পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শুক্রবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্টাফ কোয়ার্টারে বসবাসরত ৭নং বাড়ির বাসিন্দা মোহাম্মদ আবদুল হান্নান (৩৫) বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ কক্ষে বসেছিলাম। হঠাৎ সিরাজুল ইসলামের ২নং বাড়ি হতে চিৎকার শুনে উঠানে চলে আসি। দেখি আগুনের লেলিহান শিখা দ্রুত পাশের বাসাগুলোতে ছড়িয়ে পড়ছে। সিরাজুল ইসলামের রেফ্রিজারেটরের বোর্ড থেকে শর্টসার্কিটের মাধ্যমে সৃষ্ট আগুনে দ্রুত সাতটি বাসাবাড়ির আসবাবসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে কক্সবাজার দমকল বাহিনীর সদস্যদের একটা ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

পুড়ে যাওয়া কোয়ার্টারের ১নং বাড়িতে গাড়ি চালক কামরুল হাসান (৩৫), ২নং বাড়িতে সিরাজুল ইসলাম (৫০), ৩নং বাড়িতে ইমন (২৬), ৪নং বাড়িতে মিতু বড়ুয়া (৩৮), ৫নং বাড়িতে শিবু (৩৭), ৬নং বাড়িতে সালাউদ্দিন (৩২) ও ৭নং বাড়িতে মোহাম্মদ আবদুল হান্নান (৩৫) স্বপরিবারে থাকতেন।

খবর পেয়ে উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, সহকারী প্রকৌশলী সোহেল রানা ও উচ্চমান সহকারী আমান উল্লাহ, বকতিয়ারসহ জেলা পরিষদ কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাফায়েত সাগর অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব এখন বলা যাচ্ছে না।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।