আগের রাতে যশোর ইনস্টিটিউটের নির্বাচন স্থগিত
ভোট গ্রহণের আগের রাতে ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউটের নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পরে পদাধিকার বলে সংগঠনটির সভাপতি ও যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছেন।
প্রার্থীরা জানিয়েছেন, গঠনতন্ত্র সংশোধনের কিছু বিষয় চ্যালেঞ্জ করে এক সদস্য আদালতের আশ্রয় নিয়েছিলেন। তার প্রেক্ষিতেই জেলার সাংস্কৃতিক সংগঠনের মাতৃসংগঠন হিসেবে পরিচিত যশোর ইনস্টিটিউটের শুক্রবারের (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন স্থগিত করা হয়েছে।
নির্বাচন স্থগিতের খবরে উভয় প্যানেলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অপেক্ষা না করে ড. মোস্তাফিজুর রহমানের প্যানেলের প্রার্থীরা চলে যান জেলা প্রশাসকের কার্যালয়ে। খবরের সত্যতা জানতে জেলা প্রশাসকের দফতরে যান যশোর ইনস্টিটিউটের বর্তমান সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম ও সহকারী সাধারণ সম্পাদক রওশন আরা রাশুও।
জেলা প্রশাসকের কাছ থেকে তারা জেনেছেন আদালতের নির্দেশেই নির্বাচন স্থগিতের করা হয়েছে। আদালতের নির্দেশ জেলা প্রশাসক বিলম্বে পেয়েছেন বলেও প্রার্থী ও বর্তমান কর্মকর্তাদের জেলা প্রশাসক জানিয়েছেন।
মিলন রহমান/এফএ/পিআর