বেনাপোলে ১৫ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক (বেনাপোল) যশোর
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

ভারত থেকে পাচার হয়ে আসার পর সোমবার সকালে বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে বাংলাদেশি সাড়ে ১৫ লাখ হুন্ডির টাকাসহ সাদেক (২১) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক সাদেক বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের মিজানুর রহমানের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে এক হুন্ডি ব্যবসায়ী বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল ওয়াহাবের নেতৃত্বে অভিযান চালিয়ে সাদেককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

পরে তার দেহ তল্লাশি করে শরীরের বিভিন্ন স্থানে বিশেষভাবে লুকিয়ে রাখা সাড়ে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকাসহ মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে সাদেককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

জামাল হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।