নাঙ্গলকোটে ছাত্রলীগের আধাবেলা হরতাল সোমবার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার নাঙ্গলকোটে আধাবেলা হরতাল ডেকেছে উপজেলা ছাত্রলীগ। রোববার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে নাঙ্গলকোট উপজেলা সদরের বাজারের একটি রেস্টুরেন্টে আব্দুর রাজ্জাকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করে।
নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন জানান, হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে এই হরতাল আহ্বান করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।
কামাল উদ্দিন/আরএআর/জেআইএম