কুমিল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
কুমিল্লায় চোর সন্দেহে শরীফুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শরীফুল জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী কালিয়াপুর গ্রামের চারু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীফুল ইসলাম (৩০) মঙ্গলবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়ার পার্শ্ববর্তী কোমাল্লা গ্রামের আবুল হাসেমের বাড়িতে চুরি করতে গিয়ে আটক হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউপি সদস্য বেলাল মিয়ার নোয়াপাড়ার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা পুলিশে খবর দেয়। চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই মাহবুব হোসেন জানান, চুরির অভিযোগে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
কামাল উদ্দিন/এমএএস/আরআইপি