জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:১১ পিএম, ০৮ মার্চ ২০১৮

কুমিল্লায় পূর্ব বিরোধের জের ধরে মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মিজান স্থানীয় বারপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের সৈয়দ জামানের ছেলে।

স্থানীয়রা জানান, মিজানের পরিবারের সঙ্গে একই গ্রামের কিছু লোকের জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। বৃহস্পতিবার মিজান মোটরসাইকেলযোগে আদালতে যাওয়ার পথে একই গ্রামের তার প্রতিপক্ষ মনির, মাইদর আলী, আবুল কাসেম ও আলমাছ হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের লোকজন এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কামাল উদ্দিন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।