বাংলা চ্যানেল পাড়ি দিলেন দুই নারীসহ ২৮ সাঁতারু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৯ মার্চ ২০১৮

প্রথমবারের মতো দেশের দুইজন নারীসহ ২৮ জন সাঁতারু কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনের বাংলা চ্যানেলটি পাড়ি দিয়েছেন।

সোববার বেলা ১১টা ২০ মিনিটের দিকে তারা শাহপরীর দ্বীপ জেটি থেকে সাঁতার শুরু করেন। আগে আর পরে লক্ষ্যে পৌঁছালেও সবার আগে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিন ঘণ্টা ৮ মিনিটে (২টা ২৮ মিনিটে) সেন্টমার্টিন পৌঁছান সাঁতারু সাইফুল ইসলাম রাসেল। পরে ৩ ঘণ্টা ২৬ মনিটে দ্বীপে পৌঁছান মনির আহমদ।

এরপর ধাপে ধাপে পৌঁছান অন্যরা। তবে এক ঘণ্টা সাঁতার কাঁটার পর মাছের কাটার আঘাতে মাঝপথে কয়েকজন সাঁতারু সাঁতার বন্ধ করে দেন। পরে আবার শুরু করেন।

বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে প্রয়াত কাজী হামিদুল হকের স্মরণে এ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ এডিবল অয়েলের সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ আবদুল্লাহ আল মুহিন। ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলার উদ্যোগে দূরপাল্লার এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

coxbazar-satar-1

এ বছর ১৩তম সাঁতার অনুষ্ঠিত হলেও এবার একসঙ্গে ২৮ জন দেশীয় সাঁতারু এতে অংশ নেন। এর আগে গত ১২ বছরে ১২ বার সফল সাঁতারু লিপটন সরকার, মনিরু জ্জামান ছয়বার, ফজলুল কবির সিনা পাঁচবার, সামসুজ্জামান আরাফাত তিনবার এবং শাহাদৎ বাশার একবার এই চ্যানেলটি পাড়ি দিয়েছেন।

এছাড়া তাদের সঙ্গে প্রথমবারের মতো যোগ দেয় ঢাকা, বগুড়া ও রংপুরের আরও ২৩ জন। এর মধ্যে দুইজন নারী পূর্ণিমা খাতুন ও মিতু আখতার।

এর আগে গত ২৮ জানুয়ারি বাংলা চ্যানেল পাড়ি দেন যুক্তরাজ্যের নারী বেকি হার্সব্রো, মুসা ইব্রাহীম ও ওয়াসিউর রহমান। কিন্তু মাছের কাঁটার আঘাতে মাঝপথে সাঁতার বন্ধ করে ট্রলারে উঠে পড়েন মুসা ইব্রাহীম ও ওয়াসিউর রহমান। তবে বাংলা চ্যানেল জয়ের স্বাদ নেন যুক্তরাজ্যের নারী বেকি হার্সব্রো। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সাংবাদিক ও একজন সাঁতার প্রশিক্ষক।

সোমবারে অংশ নেয়া অপর সাঁতারুরা হলেন- আব্দুল্লাহ আল ইমরান, সোহাগ বিশ্বাস, শেখ মাহবুব উর রহমান, সাইফুল ইসলাম রাসেল, সাকিব আল হক, মো. রফিকুল ইসলাম, মো. লতিফুর রহমান ওরফে উৎসব সরকার, মো. আল সাদ সরকার, আবদুল্লাহ আল রোমান, মাহবুবুর রহমান, ওয়াশিউর রহমান, মুন্তাসির সামী, মিজানুর রহমান, এসআইএম ফেরদৌস আলম, মো. রফিকুল ইসলাম, শংকর চন্দ্র বর্মণ, জুয়েল মিয়া, মো. ফিরোজ মিয়া, মো. আরিফুল ইসলাম রোমান, মো. মাজেদ মিয়া ও মো. সজিব মিয়া।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির বলেন, বাংলা চ্যানেল সাঁতারের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি বহির্বিশ্বে ছড়িয়ে দেয়া এবং বাংলাদেশে যুব সমাজকে আগ্রহী করতেই প্রতিবছর এ আয়োজন করা হবে।

সাঁতারু সাইফুল ইসলাম রাসেল বলেন, বাংলা চ্যানেল পাড়ি দিতে পেরে খুবই খুশি লাগছে। বহির্বিশ্বে বাংলাদেশের পরিচিতি ছড়িয়ে দিতে এমন আয়োজন আরও বেশি বেশি করার দাবি জানান তিনি।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।