ইয়াবা ব্যবসার সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : বদি
ইয়াবা ব্যবসার সঙ্গে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই দাবি করে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেছেন, ইয়াবা পাচারের সঙ্গে আমাকে জড়িয়ে একটি মহল ফায়দা হাসিলে লিপ্ত।
তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে আসলে একটি মহল আমার চরিত্র হননে ব্যস্ত হয়ে ওঠে। আমি জাতীয় সংসদে বলেছি, এ ধরনের অপকর্মের সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
শনিবার ইনানী বন বিশ্রামাগারে টেকনাফের সাংবাদিকদের তিনটি সংগঠনের একযোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হলে প্রকৃত ঘটনা প্রকাশ পায়। এতে সমাজের অসংগতি দূর হয়, উন্নয়ন চিত্রের প্রতিফলন ঘটে। এতে সমাজ ও জাতি জাগ্রত হয়, দেশ এগিয়ে যায়।
টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন- টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি, মুক্তিযুদ্ধকালীন টেকনাফ থানা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।
টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর পরিচালনায় আলোচনাসভায় দ্বিতীয় অধিবেশনে সমসাময়িক সংবাদ জগৎ ও সাংবাদিকতা বিষয়ে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন- কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আলী জিন্নাত, সাধারণ সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ, সহ-সভাপতি এমআর খোকন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, সহ-সভাপতি জাবেদ আবেদীন শাহিন, সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর, উখিয়া প্রেস ক্লাবের সভপতি মো. রফিক উদ্দিন, উখিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আমানুল হক বাবুল ও এশিয়ান টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি মো. শফিক প্রমুখ।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মৌ. তাহের নঈম ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি