গোপালগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
গোপালগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
জানা যায়, রোববার সকালে বাস দুর্ঘটনায় গোপালগঞ্জের চন্দ্রদীঘলীয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রসহ দুই ব্যক্তি নিহতের ঘটনায় উত্তেজিত ছাত্র-জনতা ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সোমবার সকালে বাস পোড়ানোর প্রতিবাদে ও মহাসড়কে নসিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়। এ সময় জেলার অভ্যন্তরীন সড়ক ও দূরপাল্লার সকল পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া গোপালগঞ্জের উপর দিয়ে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা পরিবহন চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তীতে পড়ে যাত্রী ও সাধারন মানুষ।
পরে বাস ধর্মঘট প্রত্যাহার ও মানুষের ভোগান্তি লাঘবে জেলা ও পুলিশ প্রশাসন ও সরকার দলীয় নেতৃবৃন্দ জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন।
অবশেষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মঙ্গলবার বিকেল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মুহাম্মাদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
এস এম হুমায়ূন কবীর/আরএ/এমএস