সিলেট

ফের দিন-দুপুরে নারীকে কুপিয়ে ছিনতাইয়ের চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৬ মার্চ ২০২৬

সিলেটে একের পর এক প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নগরীর হাউজিং এস্টেট এলাকায় ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই এবার সাগরদিঘির পাড় এলাকায় এক নারীকে চলন্ত মোটরসাইকেল থেকে আটকে ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বাধা দেওয়ায় ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইয়ের চেষ্টার এমনই একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাগরদিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ শুক্রবার অনলাইনে ছড়িয়ে পড়ে।

এদিকে, দিনে-দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় জনমনে উদ্বেগ বিরাজ করছে। ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ দেখার পরে কাউকে আটক করতে পারছে না পুলিশ। এতে করে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। এ সময় একটি মোটরসাইকেলে যোগে আসা দুই যুবক তাঁকে আটকে মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ফুটেজে আরও দেখা যায়, ওই নারী তার ব্যাগ ও মোবাইল দিতে অস্বীকৃতি জানিয়ে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি করেন। এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাতে কয়েকবার আঘাত করে। একপর্যায়ে তারা মোবাইল ফোন বা ব্যাগ নিতে না পারলেও নারীর হাতঘড়ি ছিনিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। রাতে সিসিটিভি ফুটেজ দেখার পর ভোর তিনটার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ওসি তদন্তকে ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। আশপাশের সিসিটিভি ও পুলিশের আইপি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে, যাতে ছিনতাইকারীদের শনাক্ত করা যায়।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরের হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ফুটেজে দেখা যায়, হাউজিং এস্টেটের একটি সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে। পরে তাদের একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশায় থাকা একটি ব্যাগ টানাটানি করতে থাকেন। কিছুক্ষণ ধস্তাধস্তির পর ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান তারা।

এ সময় অটোরিকশা থেকে নেমে এক নারীকে চিৎকার করতে দেখা যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আহমেদ জামিল/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।