রিকশাচালকের পা বিচ্ছিন্ন : রামুতে ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৮ জুন ২০১৮

সারাদিন পরিশ্রমের পর রাস্তার পাশে রিকশা থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন চালক আবদুল মালেক। এ সময় অনিয়ন্ত্রিত গতিতে চালানো প্রাইভেট কার চাপা দেয়া হয় রিকশাসহ তাকে। এতে মুহূর্তেই এক পা বিচ্ছিন্ন হয়ে যায় হত দরিদ্র আবদুল মালেকের।

২২ এপ্রিল কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়ায় সংগঠিত এ ঘটনায় করা মামলায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুছ ভুট্টোর ছেলে মো. রিয়াদকে (১৮) অবশেষে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের এবিসি ঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে প্রাইভেট কার চালিয়ে রিয়াদ ওই রিকশাচালককে চাপা দেয়। এতে তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় সেদিন আহত হন আরও দুইজন।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, প্রাইভেট কারের ধাক্কায় পা হারানো আব্দুল মালেকের ভাই আবদুর রহিম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

মামলার বাদী আবদুর রহিম বলেন, আমার ভাই রিকশা চালিয়ে স্ত্রী সন্তান নিয়ে শহরে থাকতেন। পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। দুর্ঘটনার পর আমরা বহুভাবে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। অনুরোধ করেছি আমার ভাইয়ের চিকিৎসার জন্য। কিন্তু চেয়ারম্যান আমাদের কথা শোনেননি।

তিনি আরো বলেন, এ দুর্ঘটনার কারণে আমার ভাইয়ের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন মানুষের সহযোগিতা নিয়ে চলছে তার চিকিৎসা।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল মনসুর বলেন, গ্রেফতার রিয়াদকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।