রোহিঙ্গা ক্যাম্পে দেয়াল ধসে শিশুর মৃত্যু
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টিপাতে মাটির দেয়াল ধসে আবদুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উখিয়ার কুতুপালং ডি-রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহমান কুতুপালং ডি-রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ে অবস্থানকারী পূর্বে আসা রোহিঙ্গা আব্দুস শুক্কুরের ছেলে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, শনিবার থেকে পুরো কক্সবাজারে ভারি বৃষ্টিপাত হচ্ছে। রোববার দিবাগত রাতে উখিয়ায় মুষলধারে বৃষ্টি হয়। ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিতে সোমবার ভোরে কুতুপালং ডি-৭ রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ের একটি বাড়ির মাটির দেয়াল ধসে পড়ে শিশু আবদুর রহমান নিহত এবং তার মা আহত হয়।
ইউএনও আরও বলেন, এরা কয়েক বছর আগে আসা রোহিঙ্গা। পূর্বে আশ্রয় নেয়াদের অনেকে হালকা মাটির দেয়াল দিয়ে ঘর তুলেছে। আবদুস শুক্কুরের বাড়িও তেমনিভাবে তোলাছিল। সেই বাড়ির দেয়াল ধসে শিশু রহমান গেছে।
সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম