ফতুল্লায় টেঁটার আঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৮ আগস্ট ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় টেঁটার আঘাতে মনির হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার ব্যাংক কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির পেশায় একজন হকার ছিলেন। তিনি ব্যাংক কলোনী এলাকার নুরুদ্দিন মিল্কির ছেলে।

নিহতের বড় বোন মিনা আক্তার জানান, মনিরের প্রথম স্ত্রী ফারজানা আক্তার নুপুর সরকারি চাকরি পাওয়ার পর তাকে ছেড়ে চলে যায়। এরপর সে পারুলকে দ্বিতীয় বিয়ে করে। পারুলেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল। তার প্রথম স্বামী বাবুল। পারুলের এক মেয়ে রয়েছে নাম রিয়া।

তিনি জানান, রিয়ার স্বামী সিফাত প্রায় সময়ই এই বাড়িতে বেড়াতে এসে বলে যেত পারুল মনিরের উপর নির্যাতন করে। মনিরকে যেন পারুলের কাছে আসতে দেয়া না হয়, তা না হলে তাকে মেরে ফেলবে। এদিকে ইতোমধ্যে বাবুলের কাছে আবার ফিরে যায় পারুল। এরপর থেকেই পারিবারিক লেনদেন নিয়ে পারুল ও মনিরের মধ্যে ঝগড়া শুরু হয়।

তিনি আরও জানান, সিফাত সন্ধ্যায় দোকানে গেলে খবর পায় কে বা কারা মনিরকে টেঁটা মেরেছে। পরে মানুষ তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিদার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহ পেয়েছি। এ ব্যাপারে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহাদাৎ হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।