কুমিল্লায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮

কুমিল্লার নাঙ্গলকোটে ভোটের দিন বাচ্চু মিয়া নামে স্থানীয় এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে রোববার রাতে নাঙ্গলকোট থানায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কুমিল্লা-১০ সংসদীয় আসনের নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের মোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাচ্চু মিয়া। কেন্দ্রের অদূরে হেলমেট পরিহিত একদল সন্ত্রাসী তাকে কেন্দ্রে যেতে বাধা দেয়। এ সময় বাধা উপেক্ষা করে কেন্দ্রে যেতে চাইলে বাচ্চু মিয়াকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে নাঙ্গলকোট হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতের ছেলে নাসির উদ্দিন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

কামাল উদ্দিন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।