ভারত থেকে কুমিল্লায় এসে ৪৮ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯

কুমিল্লায় নারী ও শিশুসহ ৪৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর কেন্দ্রীয় ঈদগাহ সড়কের মোড় এবং ব্রাহ্মণপাড়া থেকে তাদেরকে আটক করে পুলিশ।

নগরী থেকে আটককৃত ৩১ জন রোহিঙ্গার মধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও ১৭ জন শিশু রয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী বাগরা এলাকা থেকে আটককৃত ১৭ জনের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও নয়জন শিশু রয়েছে। আটককৃত সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, আটক ৪৮ রোহিঙ্গা সদস্য প্রায় ৩ বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে তাদের আত্মীয়-স্বজন বসবাস করছে। কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার ভারত থেকে সীমান্ত অতিক্রম করে কুমিল্লা নগরীতে ৩১ জন ও ব্রাহ্মণপাড়ার বাগরায় আসে ১৭ জন রোহিঙ্গা।

Comilla-rohinga-(2)

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ওসি এসএএম শাহজাহান কবির বলেন, আটক ১৭ রোহিঙ্গা কসবা থানার পুটিয়া শ্যামপুর ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে স্বীকার করে।

কুমিল্লার পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম বলেন, আটককৃত ৪৮ রোহিঙ্গাকে কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে সবাইকে রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হবে।

মো. কামাল উদ্দিন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।