বিসিএস প্রশাসন ক্যাডারে কক্সবাজারের তাসলিম
সদ্য ঘোষিত ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে কক্সবাজারের মুখ উজ্জ্বল করেছেন রামুর মেয়ে তাসলিমুন নেছা। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মনির আহমদের মেয়ে এবং জেলা পরিষদের হিসাবরক্ষক আবদুল মান্নান ও ছড়াবিষয়ক লিটল ম্যাগাজিন ‘ছড়ুয়া’ সম্পাদক ছড়াকার কামাল হোসেনের ছোট বোন। দুই ভাই, পাঁচ বোনের মধ্যে তাসলিমুন নেছা সবার ছোট। তাসলিমুন নেছা বিবাহিত। তার স্বামী তারেক হোসাইন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক।
উল্লেখ্য, তাসলিমুন নেছা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি এবং রামু কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন।
মুঠোফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসলিমুন নেছা জানান, মা-বাবাসহ পরিবারের সকল সদস্য এবং শিক্ষকবৃন্দের প্রচেষ্টায় এ সফলতা অর্জন সম্ভব হয়েছে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলা একাডেমির সাবেক পরিচালক জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদা, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হওয়ায় তাসলিমুন নেছাকে অভিনন্দন জানিয়েছেন।
সায়ীদ আলমগীর/বিএ