আবাসিক হোটেলে কাভার্ডভ্যান চালকের লাশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ৩০ মার্চ ২০১৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি আবাসিক হোটেল থেকে ফরিদুল হাসান (৫৮) নামে এক কাভার্ডভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকাস্থ বিক্রমপুর বোর্ডিং নামে ওই আবাসিক হোটেলের একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফরিদুল হাসান নোয়াখালীর সোনামুড়ী থানার রথি ভূইয়া বাড়ি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম পাটোয়ারী জানান, ফরিদুল হাসান শুক্রবার রাতে তার মালিকানাধীন কাভার্ডভ্যান কাঁচপুর ব্রিজের পূর্বপাশে পার্কিং করে রেখে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ বিক্রমপুর হোটেলে রাত্রি যাপন করেন। তিনি নিজেই ওই কাভার্ডভ্যান চালাতেন। হোটেলে রাত্রিযাপনের বিষয়টি তিনি মোবাইল ফোনে তার পরিবারকে জানিয়েছিলেন। রাত ১টার পর তার পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন করলে তিনি আর রিসিভ করেননি।

তিনি আরও জানান, পরবর্তীতে শনিবার ভোরে ফরিদুলের ছেলে ইমন ও চাচাতো ভাই মাহফুজ ওই হোটেলে গিয়ে ম্যানেজারকে তার ছবি দেখান। ম্যানেজার তার ছবি দেখে তাদের হোটেলের ২২নং কক্ষের সামনে নিয়ে যান। দরজায় তারা আওয়াজ করলেও ফরিদুল দরজা না খোলায় হোটেলের ম্যানেজার ঘটনাটি থানায় জানান। পরে সকাল ৮টার দিকে পুলিশ ওই হোটেলের দরজা ভেঙে ফরিদুলকে মৃত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট (ভিক্টরিয়া জেনারেল) হাসপাতাল মর্গে পাঠায়।

হোসেন চিশতী সিপলু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।