খাদ্য প্রতিমন্ত্রী

খালগুলো সচল থাকলে আলু চাষিরা এত ক্ষতিগ্রস্ত হতো না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ০৩ এপ্রিল ২০২৬

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, এবার আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে শুধুমাত্র ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকার কারণে। খালগুলো সচল থাকলে চাষিরা এত ক্ষতিগ্রস্ত হতো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে এবং উদ্বৃত্ত আলু দেশে-বিদেশে ব্যবহারের মাধ্যমে সঠিক দাম নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের কালাইয়ের বৈরাগী হাটে ‘কানমুনা হারাবতী’ খালের খনন কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষকের ভাগ্য উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে সচল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার খাল খনন ও উন্নত ড্রেনেজ সিস্টেমের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা সঠিক না থাকায় অনেক সময় কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়, যা রোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে উল্লেখ করে আব্দুল বারী বলেন, সরকার তেলের দাম নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে কিছু অসাধু চক্র অবৈধভাবে তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি-সবই মানুষের মঙ্গলের জন্য। আমাদের সরকার ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে।

এসময় জেলা প্রশাসক আল-মামুন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফুজ রহমান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।