টেকনাফে পাহাড়ি ঢলে ২০ গ্রাম প্লাবিত


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ৩১ আগস্ট ২০১৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় জোয়ারের পানি ও পাহাড়ি ঢলের সঙ্গে ভারী বর্ষণে প্রায় ২০টি  গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। এসব গ্রামের ঘরবাড়ি, পানের বরজ ও চিংড়ির ঘের ছাড়াও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতিও হয়েছে।

শাহপরীর দ্বীপের ইউপি সদস্য আবদুল সালাম জানান, সোমবার ভারী বর্ষণে শেষ সীমান্তের প্রায় ১৫টি গ্রাম পানিতে প্লাবিত হচ্ছে। তাছাড়া শাহপরীর দ্বীপের বেড়িবাঁধ ভাঙা থাকার কারণে বেশ কিছু ঘরবাড়ি ও চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। এছাড়াও উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫/৬টি গ্রাম প্লাবিত হয়েছে।
 
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান জানান, ভারী বর্ষণ ও জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে যাচ্ছে শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, ক্যাম্পপাড়া, বিলপাড়া, দক্ষিণ উত্তরপাড়া, মগপাড়া, মাঝেরপাড়া, দক্ষিণপাড়া, ডাঙ্গরপাড়া, মিস্ত্রিপাড়া, ঘোলাপাড়া, হারিয়াখালী, ঝিনাপাড়া, হাজীপাড়া, বাজারপাড়া, পশ্চিম উত্তরপাড়া, মাঝের ডেইল, কোনাপাড়া, কাটাবনিয়া, কচুবুনিয়া, হাদুরছড়া, মুন্ডার ডেইল, লাফারঘোনা গ্রাম।
 
পাউবোর টেকনাফের উপ-সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, সাবরাং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বাঁধের জন্য ১০৭ কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হলে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।