কুড়িয়ে পাওয়া বোমায় কবজি গেল স্কুলছাত্রের


প্রকাশিত: ০৪:৩০ পিএম, ৩১ আগস্ট ২০১৫
ফাইল ছবি

যশোরের ঝিকরগাছা উপজেলায় কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে রায়হান হোসেন (১১) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রের হাতের কবজি উড়ে গেছে। সোমবার সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রায়হান ওই গ্রামের জাকির হোসেনের ছেলে ও কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

ঝিকরগাছা থানার এসআই আব্দুল আজিজ জানান, সোমবার রায়হান স্কুল থেকে ফেরার পথে লাল টেপ দিয়ে জড়ানো একটি কৌটা পায়। সেটিকে বল মনে করে বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যায় কৌটার গায়ের টেপ খুলতে গিয়ে বিস্ফোরিত হলে তার বাম হাতের কবজি উড়ে যায়।

এছাড়াও তার সারা শরীর স্পিন্টারে বিদ্ধ হয়। রায়হান মারাত্মক আহত হলে দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তবে আহত রায়হানের বাবা জাকির হোসেন দাবি করেছেন, স্কুলের নির্মাণাধীন ছাদ থেকে বোমাটি নিয়ে এসেছে সে।

মিলন রহমান/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।